বিশ্ববিদ্যালয় সংবাদ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ

 

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে আবারও দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। সামগ্রিক মূল্যায়নে ৬২.৫ স্কোর নিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৪৯তম।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের মোট ৫২টি সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার বৈশ্বিক এই মূল্যায়নে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ নিজেদের প্রথম অবস্থান ধরে রেখেছে।

 

কিউএসের সূচকভিত্তিক মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে এনএসইউ। সংস্থাটির ‘রিসার্চ অ্যান্ড ডিসকভারি’ সেক্টরে সাইটেশনস পার পেপারের স্কোর ৯৭.৩ এবং পেপারস পার ফ্যাকাল্টির সংখ্যা ১৬.১। পাশাপাশি একাডেমিক রেপুটেশনে প্রতিষ্ঠানটির স্কোর ৫৩.৩। ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৮৯.৩, আউটবাউন্ড এক্সচেঞ্জে ৭৫.৪ এবং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টির ক্ষেত্রে স্কোর ৩৩.৬।

 

শিক্ষার মান ও গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতার বিচারে ‘এমপ্লয়ার রেপুটেশন’ বা নিয়োগকর্তাদের আস্থায় ৯৪.৩ পয়েন্টের শক্তিশালী স্কোর নিয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে এনএসইউ। এ ছাড়া লার্নিং এক্সপেরিয়েন্স ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টির পিএইচডিধারী শিক্ষক ও স্টাফের হার ৫৫.২ শতাংশ এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১৯.৮।

 

এশীয় আঞ্চলিক র‍্যাঙ্কিংয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির এই অর্জনের নেপথ্যে রয়েছে ধারাবাহিক উন্নতির পরিক্রমা। ২০২৪ সালের কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে এনএসইউ ১৯১তম স্থান অর্জন করে, যা সে বছর সারা দেশে ৩য় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম ছিল। 

 

পরবর্তী বছর, ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটি ৩৬ ধাপ এগিয়ে ১৫৫তম স্থানে উঠে আসে (সারা দেশে ২য় ও বেসরকারি তালিকায় ১ম)। এর পরের বছর, ২০২৬ সালের তালিকায় আরও ৬ ধাপ অগ্রগতি ঘটিয়ে বিশ্ববিদ্যালয়টি ১৪৯তম স্থান নিশ্চিত করে (সারা দেশে ২য় ও বেসরকারি তালিকায় ১ম)।

 

ধারাবাহিক উন্নতির এ সূচকে সদ্য প্রকাশিত ২০২৭ সালের কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক এই মূল্যায়নে এশিয়াতে ১৪৯তম স্থান বজায় রাখার পাশাপাশি সামগ্রিকভাবে দেশে ২য় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের শীর্ষ অবস্থান অক্ষুণ্ন রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

 

বিমক্স এক্সপো ২০২৬-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের অংশগ্রহণ

 

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB)-এর শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স (SMS) বিভাগ গত ১৫–১৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত *বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সিবিশন (BIMOX) ২০২৬*-এ অংশগ্রহণ করেছে।

প্রদর্শনীর হল ০৪-এর H4-18 ও H4-19 নম্বর স্টলে বিভাগের নিজস্ব প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে একাডেমিক প্রোগ্রাম, শিক্ষার সুযোগ-সুবিধা এবং বাংলাদেশে মেরিটাইম শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভাগের অঙ্গীকার তুলে ধরা হয়।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টলে মেরিটাইম খাতের পেশাজীবী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, আন্তর্জাতিক প্রতিনিধি, বর্তমান ও সম্ভাব্য শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। এই প্রদর্শনী জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ স্থাপন, সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান এবং শিপিং, বন্দর ও অফশোর শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মেরিটাইম শিক্ষার গুরুত্ব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

বিমক্স এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের মেরিটাইম খাতের টেকসই উন্নয়নে বিভাগের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়, একাডেমিক দৃষ্টিভঙ্গি বিনিময় এবং মেরিটাইম শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরার মূল্যবান সুযোগ সৃষ্টি হয়েছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগ বিমক্স এক্সপো ২০২৬-এর আয়োজক প্রতিষ্ঠান *SAVOR-কে সফলভাবে এই প্রদর্শনী আয়োজন এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে **নলেজ পার্টনার (Knowledge Partner)* হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করে প্রদর্শনীকে অর্থবহ ও স্মরণীয় করে তোলার জন্য সকল দর্শনার্থী, মেরিটাইম পেশাজীবী, শিক্ষাবিদ, আন্তর্জাতিক প্রতিনিধি, বর্তমান ও সম্ভাব্য শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে বিভাগটি।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগ মেরিটাইম জ্ঞান ও শিক্ষার প্রসার, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে একটি আধুনিক, উদ্ভাবনী ও টেকসই মেরিটাইম শিল্পের বিকাশে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Travel

আরও খবর